লামার ছগির হত্যা মামলার আরেক আসামি ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার আদালতে স্বীকারোক্তি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
তোফাজ্জল হোসাইন,লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় দিনমজুর মো. ছগির (৪২) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে নতুন অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম (২৩) নামে আরও এক আসামিকে রাজধানী ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ১৭ নভেম্বর বিকেল ৫টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সাহিল ফিলিং স্টেশনের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহিম লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক বিলছড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ছগির রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যং বাজার রূপাপাড়া এলাকায় মো. গুলজারের বাগানে কাজ করতে যান। পরে ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মুঠোফোনে বাড়ি ফেরার কথা জানান এবং নিজেকে রূপসীপাড়া বাজারে অবস্থান করছেন বলে নিশ্চিত করেন। কিন্তু ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া থেকে রূপসীপাড়াগামী সড়কের হাতিরঝিরির মাথায় লাল মিয়ার পাহাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আছমা আক্তার বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর লামা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির এফআইআর নম্বর ২৪, জিআর নম্বর ১০৯। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা যায়, হত্যার পর ছগিরের মুঠোফোন নিয়ে যায় অভিযুক্তরা। পরে তার পরনের লুঙ্গি ও শার্ট দিয়ে হাত-পা ও মুখ বেঁধে মরদেহ ফেলে রেখে যায়। পুলিশের চোখ ফাঁকি দিতে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের (২৬) কাছে বিক্রি করা হয়। এর আগে গত ১২ অক্টোবর গ্রেপ্তার হওয়া আসামি মো. ইসমাইল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা লামা থানার উপপরিদর্শক (এসআই) সত্যজিৎ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আদাবর এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তদন্ত কর্মকর্তা। এ ঘটনায় মো. ইসমাইল হোসেন (১৯) ও উনোথুই মার্মা ওরফে জাফর (২৫) নামে আরও দুজন সহযোগী থাকার তথ্যও দিয়েছেন তিনি। অভিযানে এএসআই প্রকাশ ঘোষ সহযোগিতা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ জানান, গ্রেপ্তার আব্দুর রহিমকে যথাযথ পুলিশ প্রহরায় লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দিনমজুর ছগির হত্যাকাণ্ডের ঘটনায় নতুন এই গ্রেপ্তার ও স্বীকারোক্তিতে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।