সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু চত্বর লেখা ব্যানার টানালো অজ্ঞাতরা, খুলে ফেললো পুলিশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টাঙিয়ে দিয়েছে অজ্ঞাতরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুটি মোটরসাইকেলে করে ৬ থেকে ৭ জন ব্যক্তি স্বাধীনতা চত্বরের সামনে আসেন। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। পরে তারা সেখানে স্লোগান দিয়ে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রকাশ্যে এভাবে চত্বরের নাম পরিবর্তন ও ব্যানার টানানোর ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়দের ধারণা, কাজটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা করতে পারেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, “ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যানারটি নামানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।