রংপুরে গ্যারেজে রাখা শাপলা পরিবহনের বাসে আগুন, নাশকতার অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপু প্রতিনিধি
নিরাপত্তা জোরদার না হলে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি পরিবহন মালিকদের
রংপুর মহানগরীর মা ও শিশু হাসপাতালের সামনে একটি গ্যারেজে রাখা শাপলা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ ভোররাত ৩টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন বাসটির মালিক ও স্থানীয় পরিবহন মালিক সমিতির নেতারা।
গ্যারেজটির মালিক সাজু মিয়া। সেখানে নৈশপ্রহরীর দায়িত্বে থাকা সিরাজুল ইসলামের ভাষ্য, ভোর ৩টা ৫ মিনিটের দিকে সাদা শার্ট ও মুখে মাস্ক পরা তিন যুবককে বাসটির পাশ দিয়ে হেঁটে যেতে দেখেন তিনি। এর কিছুক্ষণ পরই বাসটির সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়। পরে ওই যুবকেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করত। এর মালিক নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিঠু মিয়া।
বাসে আগুন দেওয়ার ঘটনাকে নাশকতা হিসেবে উল্লেখ করে এর জন্য কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন বাসটির মালিক ও স্থানীয় পরিবহন মালিক সমিতির নেতারা। তাঁরা বলেন, পরিবহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় নিরাপত্তা জোরদার না করা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় কোনো রাসায়নিক বা দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।