অর্থের বিনিময়ে লোক ভাড়া করে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ: চট্টগ্রামে ডা: শাহাদাত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন আর রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে টোকাইদের দিয়ে ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ করছে। এ ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল ৭টার আগেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজীর দেউড়ি মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে কাজীর দেউড়ি গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আসকারদীঘির পাড়, জামালখান মোড় ও চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। দেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক আওয়ামী লীগ বিদেশে বসে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও দলটির নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, এখনো একইভাবে তাঁরা সক্রিয় রয়েছেন। বর্তমান কর্মসূচি প্রমাণ করে, অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা আগের মতোই সোচ্চার।
তিনি আরও বলেন, যারা বোমাবাজি, লুটপাট, থানা থেকে সরঞ্জাম লুট, পুলিশের ওপর হামলা, সাধারণ মানুষকে হত্যা ও নির্যাতন এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা রাজপথ ছাড়েননি। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা পরীক্ষিত হয়েছেন। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তিনি বলেন, আজকের কর্মসূচি সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। নগরীর শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সব সময় জনগণের পাশে রয়েছেন। এ ধরনের শান্তির মিছিল নগরীর প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।
কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ জাকির হোসেন, নূর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা আব্দুল হালিম স্বপন, মোহাম্মদ ইদ্রিস আলী, শফিক আহমেদ, রমজু মিয়া, জাকির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা হাজী নবাব খান, এস এম মুফিজ উল্লাহ ও আলী আব্বাস খানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।