জয়পুরহাটের ক্ষেতলালে ৫০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের ক্ষেতলালে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর গভীর রাতে উপজেলার ইটাখলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ক্ষেতলাল উপজেলার বাড়ইল নলপুকুর গ্রামের লিটন মণ্ডলের ছেলে মো. আলামিন মণ্ডল (২১), মাটিহাস গ্রামের আজিজুল প্রামাণিকের ছেলে মো. ইজমুল ইসলাম রিপন (২০) এবং আক্কেলপুর উপজেলার বাড়ইল কুটিপাড়া গ্রামের ছাইদুল ইসলামের ছেলে মো. রাশেদ হোসেন (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইটাখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা হয়। পরে তাঁদের দেহ ও সঙ্গে থাকা কালো রঙের একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৫০০ পিস (৫০ গ্রাম) ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা, মোটরসাইকেলটি এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকে বৃহস্পতিবার দুপুরে পুলিশি পাহারায় জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com