হলুদ বিপ্লবের হাতছানি: কালাইয়ে রেকর্ড ৩ হাজার ৩০০ কৃষকের হাতে বিনামূল্যে সরিষা বীজ ও সার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

সরিষার আবাদ ও উৎপাদন বাড়িয়ে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে জয়পুরহাটের কালাইয়ে নেওয়া হয়েছে নজিরবিহীন উদ্যোগ।

২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে উপজেলার ৩ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কালাই উপজেলার ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সরকারি কৃষি প্রণোদনা।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রণোদনা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব এবং কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা জানান, এর আগে কালাই উপজেলায় এক মৌসুমে সর্বোচ্চ ১ হাজার ৩০০ জন কৃষক এ সুবিধা পেয়েছিলেন। কিন্তু চলতি মৌসুমে সেই সংখ্যা আড়াই গুণেরও বেশি বাড়িয়ে ৩ হাজার ৩০০ জনে উন্নীত করা হয়েছে। 

বক্তারা কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি এই প্রণোদনার বীজ খাদ্য হিসেবে ব্যবহার না করে যথাযথভাবে জমিতে বপন করলে উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে এবং সরকারের এই মহৎ উদ্যোগ সফল হবে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরিষা চাষে আগ্রহী প্রকৃত ও প্রান্তিক কৃষকদের যাচাই-বাছাই করে এই তালিকা তৈরি করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি করে উন্নত জাতের সরিষা বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com