চট্রগ্রামের কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ১৪

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিলে বাসের ধাক্কায় ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ১৪ জন নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল ও সেলিম ইমরান, যুবদল নেতা একরামুল হক বাবলু এবং ছাত্রদল নেতা মামুন ও ফরহাদুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।

কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া সংবাদমাধ্যমকে জানান, মিছিলে বাসের ধাক্কায় আহতদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত নেতাকর্মীরা যাতে দ্রুত চিকিৎসা পান, সে ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ছয় থেকে আটজন কলেজ বাজার সাউথ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com