ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন: আ জ ম নাছিরের বাসায় তল্লাশি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পেট্রলবোমা নিক্ষেপের পর বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় রিকশায় করে যাওয়ার পথে এক ব্যক্তি আগুনের দৃশ্যটি ভিডিও ধারণ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, নগরের আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।
একই রাতে চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আলোচিত ব্যক্তির বাসায় পৃথক এ ঘটনাকে কেন্দ্র করে নগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।