দৌলতপুরে ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
রবি মৌসুমে সরিষা, খেসারি ও চিনাবাদামের আবাদ বাড়াতে মানিকগঞ্জের দৌলতপুরে ১২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে ।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মঈজ অনুষ্ঠান সঞ্চালনা করেন ।
কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির আওতায় দৌলতপুর উপজেলার মোট ১২ হাজার কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পাবেন । বিতরণ কার্যক্রমের প্রথম দিনে ধামশ্বর ইউনিয়নের ৬৫০ জন কৃষকের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয় ।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজিব হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন ।