সীতাকুণ্ডে আসামিকে না পেয়ে স্বামীকে আটক, ধস্তাধস্তির পর মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে দায়ের করা মামলার আসামি স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর স্বামীকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মো. শহিদ (৬২) নামে ওই ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ বিনা অপরাধে শহিদকে আটক করতে গিয়ে তাঁর ওপর শক্তি প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, এ মৃত্যুর ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই।
নিহতের ভাই আব্দুল খালেক জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আদালতে দায়ের করা একটি মামলায় তাঁর ভাবি সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁদের বাড়িতে যান।
এ সময় সাবেরা খাতুনকে বাড়িতে না পেয়ে তাঁর স্বামী শহিদকে আটক করেন পুলিশ সদস্যরা। পরিবারের দাবি, শহিদকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তিনি নিরপরাধ—এ কথা জানিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও পুলিশ তা আমলে নেয়নি। একপর্যায়ে ঘর থেকে বের করে আনার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ অবস্থায় হাতকড়া পরা অবস্থাতেই শহিদ সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান।
আব্দুল খালেক আরও জানান, ঘটনার পর পুলিশ শহিদের হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, একটি মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহিদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর তাঁরা জানতে পারেন। তবে এ ঘটনায় পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।