আলীকদমে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
তোফাজ্জল হোসাইন, লামা বান্দরবান।
বান্দরবানের আলীকদম-লামা সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আলীকদম উপজেলার সিবাতলী এলাকায় সড়কের বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে আলীকদম সদরের দিকে যাচ্ছিলেন কনস্টেবল সাজু চক্রবর্তী। পথে উপজেলার সিবাতলী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, আলীকদমে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একজন কর্মরত পুলিশ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।