নওগাঁয় যমজ শিশু জন্মের ঘটনায় তদন্তে নতুন মোড়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ নিয়ে সৃষ্ট রহস্যে নতুন মোড় এসেছে। ক্লিনিকটিতে যমজ নয়, একটি মাত্র শিশুর জন্ম হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের গঠিত বিশেষজ্ঞ তদন্ত কমিটির প্রতিবেদনে। গত ১৪ নভেম্বর দাখিল করা ওই প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তবে এ ঘটনায় বগুড়ার আদমদীঘি থেকে উদ্ধার হওয়া নবজাতকটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠা শিশু কি না, তা এখনো নিশ্চিত নয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির প্রকৃত পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শান্তনা আক্তারের সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের পর যমজ শিশুর পরিবর্তে একটি নবজাতক হস্তান্তরের অভিযোগ ওঠে। এ নিয়ে প্রকাশিত সংবাদ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সংশ্লিষ্ট ৯ জন চিকিৎসক ও ব্যক্তির বক্তব্য গ্রহণ করে ১৪ নভেম্বর প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে তদন্ত কমিটির সদস্য ও নওগাঁ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত রেডিওলজিস্ট ডা. এ এম রেজাউল মাহমুদ জানান, তিনি শান্তনা আক্তারের তিনটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও সংশ্লিষ্ট ছবি পর্যালোচনা করেছেন। গত ১০ আগস্টের রিপোর্টে একটি সন্তান থাকার কথা উল্লেখ ছিল। অন্যদিকে ১২ ও ২১ অক্টোবরের দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা বলা হলেও সংযুক্ত ছবির সঙ্গে রিপোর্টের তথ্যের মিল পাওয়া যায়নি। যমজ সন্তান প্রমাণের জন্য প্রয়োজনীয় দুটি ভ্রূণের আলাদা বা একসঙ্গে দৃশ্যমান ছবি না থাকায় ওই দুটি রিপোর্টকে সঠিক বলে গ্রহণ করা যায় না বলে মত দেন তিনি।

অপরদিকে অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুন তদন্ত কমিটিকে জানান, রোগীর আগের দুটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের একটিতে একটি এবং অন্যটিতে যমজ সন্তান থাকার তথ্য ছিল। পরবর্তী আরেকটি পরীক্ষাতেও যমজ সন্তানের কথা উল্লেখ করা হয়। এরপর গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাকা ক্লিনিকের অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে তিনি সিজারিয়ান করেন। অস্ত্রোপচারে একটি শিশুর জন্ম হয় এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে রোগীর স্বজনদের জানানো হয়। অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও বিষয়টি জানেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ধারণ করা রয়েছে বলেও জানান সার্জন।

অপারেশন দলের সহকারী সার্জন ডা. মো. আব্দুল আউয়ালও তদন্ত কমিটিকে জানান, অস্ত্রোপচারের সময় একটি নবজাতক, একটি প্লাসেন্টা ও একটি কর্ড পাওয়া যায়। শিশুটির ওজন ছিল ৩ দশমিক ৭ কেজি এবং সেটি ছিল কন্যাশিশু। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই অপারেশনে যমজ সন্তানের জন্ম হয়নি।

এ বিষয়ে বলাকা ক্লিনিকের মালিক মোঃ এনামুল হকের দাবি, প্রায় ৩০ বছর ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছে। একটি মহল যমজ শিশুর ঘটনা নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ক্লিনিকের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, যথাযথ তদন্ত ছাড়াই পুলিশের করা মামলায় তাঁকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, বগুড়ার আল-বারাকা ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেওয়া এবং পরে দত্তক দেওয়া একটি শিশুকে গত ১২ নভেম্বর রাতে আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে পুলিশ উদ্ধার করে। তবে শিশুটি ওই গ্রামের এক ব্যক্তি দত্তক নিয়েছিলেন বলে তিনি দাবি করেন। মামলার আসামি হওয়ায় বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলেও জানান এনামুল হক। তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ এবং মামলা থেকে অব্যাহতি পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। তদন্তের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে কমিটির সদস্যরা আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিয়েছেন। কমিটির দাখিল করা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত তাঁরাই নেবেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে বগুড়া থেকে উদ্ধার হওয়া শিশুটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠা শিশু নাও হতে পারে। শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন। এ জন্য আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে পরীক্ষা সম্পন্ন করা হবে। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতে থাকবে। আদালতের মাধ্যমে প্রকৃত অভিভাবকরা শিশুটিকে গ্রহণ করতে পারবেন বলেও জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com