জয়পুরহাটে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন; মেধা ও যোগ্যতাই চূড়ান্ত মাপকাঠি: পুলিশ সুপার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

"সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (অক্টোবর-২০২৬) কার্যক্রমের তৃতীয় দিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার ১৮ নভেম্বর জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তৃতীয় দিনের ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (PET)-এ পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার ও নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষার মাধ্যমে শারীরিকভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।

পরীক্ষা শেষে নিয়োগ বোর্ডের সভাপতি ও জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম চাকরিপ্রত্যাশীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, "কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হচ্ছে।

যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপগুলোতে ভালো করবে, কেবল তারাই নিজ যোগ্যতায় চূড়ান্তভাবে নিয়োগ পাবে।"

এ সময় তিনি প্রার্থী ও তাদের অভিভাবকদের যেকোনো ধরনের প্রতারক বা দালাল চক্রের খপ্পর থেকে দূরে থাকার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন।

নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, ফিজিক্যাল এনডিউরেন্স টেস্টে (PET) উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ০২ ডিসেম্বর-২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

তৃতীয় দিনের কার্যক্রম সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার নিয়োগ বোর্ডের সকল সদস্য ও দায়িত্বরত পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com