টংকাবতী রেঞ্জ কর্মকর্তাকে ম্যানেজ করে চলছে হাতি দিয়ে কাঠ পাচার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয়দের অভিত রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত প্রতিটি হাতির জন্য এক লাখ টাকা এবং কাঠবাহী প্রতি গাড়ি থেকে ১০ হাজার টাকা আদায় করেন। তাঁর আগের কর্মস্থল খেয়াচলং রেঞ্জেও ভুয়া হোল্ডিং ও একই হোল্ডিং বারবার ব্যবহার করে জোত পারমিট দেওয়ার অভিযোগ রয়েছে।

বান্দরবান বন বিভাগের টংকাবতী রেঞ্জের চিনিপাড়া, রঙ্গিনমুখ, রঙ্গি খাল ও ফুলতলা এলাকায় মহরম, রহিম কোম্পানি, কালু মেম্বার, জয়নাল ও মহরমের ভাইয়ের মোট ছয়টি হাতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা জয়ন্ত কুমার রায়কে মোটা অংকের মাসোহারার বিনিময়ে সংরক্ষিত বনাঞ্চল ও পাড়াবন থেকে গাছ কেটে পাচারের মহাউৎসব চালাচ্ছে কয়েকটি চক্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, এসব হাতি দিয়ে বনাঞ্চল থেকে কাটা গাছ টেনে রাস্তা পর্যন্ত আনা হয়। পরে কাঠ প্রস্তুত করে রাতের আঁধারে টিএস, ডাম্পার ও জিপ গাড়িতে কেরানীহাট, হাট, লোহাগাড়া ও চট্টগ্রামে পাচার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সংরক্ষিত বনাঞ্চল ও পাড়াবন থেকে দিনে-রাতে গর্জন, চম্পা, বৈলাম, জারুল, শিউরী, গোদা ও গুটগুটিয়া গাছ কাটা হচ্ছে। এই কাঠ পরিবহনের সুযোগ দেওয়ার বিনিময়ে হাতি ও গাড়িপ্রতি টাকা আদায় করা হয়।

ফরেস্টার জয়ন্ত কুমার রায় টংকাবতী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার দায়িত্ব দায়িত্ব গ্রহণের পর থেকেই আবারও নতুন করে হাতি দিয়ে বনাঞ্চলের গাছ পরিবহনের অবৈধ কার্যক্রম শুরু হয় বলে দাবি স্থানীয়দের।

এর আগে জয়ন্ত কুমার রায়ের বিরুদ্ধে খেয়াচলং রেঞ্জে দায়িত্ব পালনকালেও জোত পারমিটে অনিয়মের অভিযোগ উঠেছিল। অনুসন্ধানে জানা যায় ৩১৭ নম্বর ক্যাচলং মৌজা ও ৩৪৯ নম্বর ঘেরাউ মৌজায় হোল্ডিংয়ের সংখ্যা সীমিত হলেও এক বছরে ৩৮টি জোত পারমিট দেওয়া হয়েছে। জয়ন্ত দায়িত্ব নেওয়ার আগেই ওই দুই মৌজার হোল্ডিংয়ে জোত ইস্যু শেষ হয়ে গিয়েছিল বলেও তাঁদের দাবি। অভিযোগ অনুযায়ী, জয়ন্ত কুমার রায় ও সুশান্ত কুমার সরকার বান্দরবান শহরে বসে কৃত্রিম হোল্ডিং তৈরি এবং একই হোল্ডিং বারবার ব্যবহার করতেন। এসি ল্যান্ড অফিস ও ডিসি অফিস থেকে অর্থের বিনিময়ে ভুয়া এ-ফরম সংগ্রহের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। জয়ন্ত জোতভূমিতে না গিয়ে শহরে বসেই খাড়া মার্কা ও পাশ মার্কা তৈরি করতেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

এসব কার্যক্রমের মাধ্যমে জয়ন্ত এক বছরে দুই কোটি টাকা আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি খেয়াচলং রেঞ্জ থেকে সেগুন, গামার, চম্পা, বৈলাম, গোদা ও গুটগুটিয়া গোল এবং রদ্দা কাঠ পাচারে সহযোগিতার মাধ্যমে আরও ৫০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ তোলা হয়েছে।

বন বিভাগের একটি সূত্র জানায়, খেয়াচলং রেঞ্জের অনিয়ম আড়াল করতে জয়ন্ত বছর শেষে টংকাবতী রেঞ্জে বদলি হন। পরে অফিস সহকারী সুশান্ত কুমার সরকারকে পাঁচ লাখ টাকা দিয়ে নিজ দায়িত্বের দায়ি অতিরিক্ত হিসেবে বান্দরবান সদর রেঞ্জের সহযোগী কর্মকর্তার দায়িত্বও নেন।

সূত্রটির আরো দাবি, জয়ন্ত কুমার রায় বান্দরবান বন বিভাগের বিশেষ টহল দলের সহকারী দলনেতার দায়িত্বেও রয়েছেন। এই দায়িত্বের প্রভাব খাটিয়ে বান্দরবান শহর থেকে অবৈধ কাঠের গাড়ি চলাচলের সুযোগ দিয়ে গত এক বছরে প্রায় এক কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

 রোয়াংছড়ি উপজেলার খেয়াচলং রেঞ্জ এলাকার বাসিন্দারা জানান, নিরীহ ও দরিদ্র আদিবাসীদের নামে ভুয়া হোল্ডিং তৈরি এবং একই হোল্ডিং বারবার ব্যবহার করে সরকারি কাজের আড়ালে অনিয়ম করা হয়েছে। এতে স্থানীয় জনগণ প্রতারিত হয়েছেন। জয়ন্ত কুমার রায়ের দায়িত্বকালে দেওয়া জোত পারমিটের পারমিটের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জরুরি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com