নতুন ধানের গন্ধে ও রকমারি মাছের পসরায় জমজমাট জয়পুরহাটের ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
অগ্রহায়ণের শুরুতেই গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলায় বসেছে ঐতিহ্যবাহী এক দিনের মাছের মেলা।
প্রতিবছরের ধারাবাহিকতায় বুধবার ১৮ নভেম্বর ভোর থেকেই উপজেলার পাঁচশিরা বাজারে শুরু হওয়া এই মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গেই ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।
ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎস্য ব্যবসায়ীরা নানা প্রজাতির ছোট-বড় মাছের পসরা সাজিয়ে বসেন। শুধু জয়পুরহাটের বিভিন্ন উপজেলা থেকেই নয়, পার্শ্ববর্তী বগুড়া, নওগাঁ, গাইবান্ধা ও দিনাজপুরসহ আশপাশের জেলাগুলো থেকেও মানুষজন ছুটে এসেছেন এই মেলায়। নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের অংশগ্রহণে মেলাটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে।
ধনী-গরিব সব শ্রেণি-পেশার মানুষই নিজেদের সাধ্য অনুযায়ী পছন্দের মাছ কিনে হাসিমুখে বাড়ি ফিরছেন।
এবারের মেলায় রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, বিগহেড, বাগাড়, বোয়াল ও চিতলসহ দেশীয় ও চাষের অন্তত অর্ধশত প্রজাতির মাছ উঠেছে। মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ২৮ থেকে ৩০ কেজি ওজনের বিশালাকৃতির বাগাড়, বোয়াল ও কাতলা মাছ, যা দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। মাছের আকার ও প্রজাতিভেদে মাঝারি আকারের মাছ প্রতি কেজি ৩৮০ থেকে ৫০০ টাকায় এবং বড় আকারের মাছ ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
মেলায় মাছ কিনতে আসা ক্ষেতলাল উপজেলার বাসিন্দা মনজুরুল আলম জানান, নবান্ন উৎসবকে ঘিরে প্রতিটি পরিবারে আত্মীয়-স্বজন ও জামাই-মেয়েদের নিয়ে এক আনন্দঘন মিলনমেলার পরিবেশ তৈরি হয়। নতুন ধানের চালের ভাতের সঙ্গে রকমারি মাছের পদ এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ, তাই পরিবারের সবার পছন্দের মাছ কিনতেই তিনি মেলায় এসেছেন। অন্যদিকে, কালাইয়ের কর্মকারপাড়ার বাসিন্দা শুভ জানান, গতবারের তুলনায় এবার মেলায় প্রচুর মাছের আমদানি হয়েছে, তবে ক্রেতাদের কাছে মাছের দাম কিছুটা বেশি মনে হচ্ছে।
মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলায় প্রচুর মানুষের সমাগম হলেও সকালের দিকে বেচাকেনা কিছুটা ধীরগতির ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়ছে। উপজেলার মাছ ব্যবসায়ী বাইজিদ জানান, তিনি জয়পুরহাটের সাগর হোসেন নামে এক ক্রেতার কাছে প্রতি কেজি ৪৫০ টাকা দরে ৭ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি করেছেন। দিন শেষে ভালো লাভের প্রত্যাশা করছেন তিনি ও অন্যান্য ব্যবসায়ীরা।
পাঁচশিরা মাছবাজারের ইজারাদার আব্দুল লতিফ জানান, বিভিন্ন জেলা থেকে পাইকার ও ব্যবসায়ীরা মাছ নিয়ে আসায় বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং দামও ক্রেতাদের নাগালের মধ্যেই স্বাভাবিক রয়েছে। এতে সব শ্রেণির মানুষই মাছ কেনার সুযোগ পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, দিন শেষে এবারের মেলায় প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ কেনাবেচা হবে।
এ বিষয়ে কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম বলেন, পাঁচশিরা বাজারে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছের এমন বিশাল সমাগম ক্রেতাদের পাশাপাশি স্থানীয় মাছচাষিদেরও ব্যাপকভাবে উৎসাহিত করে।
মেলায় যাতে কোনোভাবেই ফরমালিনযুক্ত, বিষাক্ত বা অনিরাপদ মাছ বিক্রি হতে না পারে, সেজন্য মৎস্য বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। মৎস্য বিভাগ সব সময় মাছচাষিদের আধুনিক চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে।
দিন শেষে এই মেলায় লেনদেন দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং ভবিষ্যতে ঐতিহ্যবাহী এই মেলার পরিধি আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।