ঘিওরে বাহের পাগলের প্রথম আস্তানা বেগুন নারচীতে ‘৫ দিন’ ব্যাপী শাহ্ কালু পাগলের মেলা শুরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
ভক্তদের পদচারণা, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও তবারক বিতরণের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওরে শুরু হয়েছে ‘৫ দিন’ দিনব্যাপী শাহ্ কালু পাগলের মেলা । পাক পাঞ্জাতনের স্মরণে ৫৩তম বার্ষিক ‘সিন্নি’ অনুষ্ঠান উপলক্ষে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বেগুন নারচী গ্রামে এ মেলার আয়োজন করা হয়েছে ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে হযরত শাহ বাহের (রহ.)-এর প্রথম আস্তানায় ধর্মীয় নিশান উত্তোলনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয় ।
এ অনুষ্ঠানের আয়োজক সর্বজনীন মোহাম্মদী তরিকার প্রবর্তক ইমাম শাহ ফজর আল মোহাম্মদী (শাহ্ কালু পাগল) । তিনি বাহের পাগলার শিষ্য বলে স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায় । হযরত শাহ বাহের (রহ.) ‘বাহের পাগলা’ নামে পরিচিত ছিলেন । তাঁর মাজার শরিফ মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অবস্থিত। সেখানে ‘বিন্দু শক্তি আস্তানা’ নামে একটি মাজার ও তিনতলা ভবন রয়েছে ।
‘৫ দিন’ ব্যাপী শাহ্ কালু পাগলের মেলার প্রথম দিন মঙ্গলবার ভোর ৫টায় সর্বজনীন মোহাম্মদী তরিকার ধর্মীয় নিশান এবং সকাল ১০টায় চার শাখার স্মরণে চারটি নিশান উত্তোলন করা হয় । বিকেলে দরুদ মাহফিল, সন্ধ্যায় তবারক বিতরণ এবং রাতে মুর্শিদি গজলের আয়োজন রাখা হয়েছে ।
মেলার দ্বিতীয় দিন বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বিচার গান পরিবেশন করবেন মানিকগঞ্জের হেলাল সরকার ও রাশেদা সরকার । তৃতীয় দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জারিগানে অংশ নেবেন মানিকগঞ্জের ডলি পাগলী ও রাজবাড়ীর শামীমা সরকার । চতুর্থ দিন শুক্রবার (২০ নভেম্বর) বিচার গান পরিবেশন করবেন টাঙ্গাইলের সখিপুরের আলামীন সরকার ও মানিকগঞ্জের সিংগাইরের দোলন সরকার ।
শেষ দিন শনিবার (২১ নভেম্বর) সকালে সার্বজনীন নূর মোহাম্মদী সত্তা, মোহাম্মদীয় ভেদ ও আহলে বায়াত বিষয়ে আলোচনা, ভক্তদের আলিঙ্গন এবং বিদায় বাণীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের আয়োজন ।
দরবার শরিফ সূত্রে জানা গেছে, আগত ভক্ত ও অতিথিদের আপ্যায়নে উদ্বোধনী দিনে প্রায় ৪০ ডেক খিচুড়ি ও ৫ ডেক পায়েশ সিন্নির ব্যবস্থা করা হয়েছে । আয়োজকদের ধারণা, শেষ দিনে ভক্তদের উপস্থিতি আরও বাড়বে । সে অনুযায়ী তবারক ও সিন্নির আয়োজনও বাড়ানোর প্রস্তুতি রয়েছে ।
ভক্তবৃন্দ, ওরস উদ্যাপন কমিটি ও এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা । আয়োজকদের পক্ষ থেকে জাতি-ধর্মনির্বিশেষে সব ভক্ত ও আশেকানকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ।