ধূমপান নিয়ে বিরোধে সাটুরিয়ায় যুবককে পিটিয়ে হত্যা; আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মানিকগঞ্জের সাটুরিয়ায় রমজান আলী (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী । একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হরগজ ইউনিয়নের পশ্চিম খালপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন ।

বক্তারা বলেন, সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় । ঘটনার চার দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী । দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা ।

নিহত রমজান আলী হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) সিগারেট খাওয়াকে কেন্দ্র করে রমজানের ছোট ভাই নূর মোহাম্মদের সঙ্গে স্থানীয় আশিক (১৮) নামের এক যুবকের বাকবিতণ্ডা হয় । একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন ।

এ ঘটনার জেরে ওই দিন দুপুরে স্থানীয় আনোয়ার হোসেনের বাড়িতে বসে থাকা রমজান আলীর ওপর আশিক ও তার বাবা ছানোয়ার হোসেন (৪৮) হামলা চালান বলে অভিযোগ করা হয় । এতে গুরুতর আহত হন রমজান । তাকে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয় ।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে । পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com