জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের দাবিতে মানিকগঞ্জে সাইকেল র‍্যালি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের দাবিতে মানিকগঞ্জে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার সকালে জেলা শহরের বেউথা সেতুর দক্ষিণ পাড় থেকে র‍্যালিটি শুরু হয়ে ঘিওর উপজেলার নালী ইউনিয়ন পরিষদ এলাকায় গিয়ে শেষ হয় । এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাইক্লিস্টরা অংশ নেন ।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP-31)-এর সফলতা ও কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের (BARCIK) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে সাইক্লিস্ট ক্লাব, ইয়ুথ গ্রিন ক্লাব ও গ্রিন কোয়ালিশন ।

র‍্যালির উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জরিনা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাইনুদ্দিন, কৌড়ী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আনিসুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু মো. নাহিদ, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল খান, বারসিকের আঞ্চলিক কর্মকর্তা বিমল রায় এবং মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাবের সদস্যরা ।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষ প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন । এ সংকট মোকাবিলায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তাঁদের প্রত্যাশা, এ র‍্যালির মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার বিষয়ে জনসচেতনতা বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার উদ্যোগ আরও জোরালো হবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com