মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ‘পুশ ইন’ করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে নির্যাতন চালিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে (পুশ ইন) পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ওই ব্যক্তিকে বাংলাদেশে পাঠানো হয়।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত এলাকা দিয়ে তাঁকে ঠেলে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে তিনি পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেন। তিনি জানান, তাঁর নাম ধনেশ্বর বর্মণ (৫৫), বাবার নাম রমেশ্বর বর্মণ এবং মায়ের নাম শেকেরী বালা বর্মণ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা।

সীমান্তবর্তী সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার ৮৬৪ নম্বর প্রধান পিলারের ৪ ও ৫ নম্বর উপপিলারের কাছাকাছি পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট ও বৈরাগিরহাট সীমান্ত অবস্থিত। এর ঠিক বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট সীমান্ত এলাকা।

​অভিযোগ উঠেছে, আজ ভোরের দিকে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের একটি টহল দল কাঁটাতারের বেড়ার গেট খুলে ধনেশ্বর বর্মণকে বেধড়ক মারধর করে। এরপর তাঁকে জোরপূর্বক বাংলাদেশ সীমানায় প্রবেশ করানো হয়। সীমান্ত পেরিয়ে প্রায় চার কিলোমিটার পথ হেঁটে তিনি পাটগ্রামের কদুর বাজার এলাকায় পৌঁছান। সেখানে অপরিচিত ও অপ্রকৃতিস্থ এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং তাঁরা পুলিশকে খবর দেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি-অবস) কারিমুল ইসলাম জানান, “পুলিশ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে। লোকটি মানসিকভাবে সুস্থ নন। তিনি কোন সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন, তা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। তবে তাঁর কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি ভারতীয় নাগরিক।” বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, বিষয়টি নিয়ে পরবর্তীতে যোগাযোগ করা হবে।

​পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “উদ্ধার করার পর ওই ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করছেন। এ বিষয়ে বিজিবির সঙ্গে আমাদের কথা হয়েছে। বিজিবি জানিয়েছে, যেহেতু তাঁকে সরাসরি শূন্যরেখা থেকে আটক করা হয়নি, তাই স্থানীয় আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।”

​ওসি আরও জানান, পুলিশ বর্তমানে ওই ব্যক্তির প্রকৃত পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ করছে। এছাড়া ভারতে তাঁর কোনো স্বজন বা পরিচিতজনের সন্ধান পাওয়া যায় কি না, সে বিষয়েও চেষ্টা চলছে। তিনি যদি সত্যিই ভারতীয় নাগরিক হন এবং তাঁর কাছে কোনো বৈধ কাগজপত্র বা পাসপোর্ট না থাকে, তবে প্রচলিত আইনি প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com