চিকিৎসা নিতে এসে ধ/র্ষ/ণের শিকার গৃহবধূ, অভিযুক্ত হাসপাতালকর্মী আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান (২৪) নামের ওই কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তাঁকে আটক করা হয়। 

আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়ার নজরুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের বড়বাবু নামে খ্যাত আশিক নেওয়াজের ভাগ্নে।  

সূত্র জানায়, প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান সেবা নিতে আসা নারীকে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। একপর্যায়ে ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন মাহমুদুল। নমুনা আনতে গেলে প্যাথলজি কক্ষের দরজা বন্ধ করে তিনি ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে বাড়িতে ফিরে ওই নারী তাঁর স্বামীকে বিষয়টি জানান। 

মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মাহমুদুল হাসানকে আটক করে। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ভুক্তভোগীর চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য তাঁকে পুলিশি ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানায়, সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের গডফাদার নামে পরিচিত সিভিল সার্জন অফিসের বড়বাবু আশিক নেয়াজের হাত ধরে আউটসোর্সিং পদে চাকরি পায় ভাগ্নে  মাহমুদুল। তার ছেলেও প্যাথলজি বিভাগে কর্মরত। 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com