নওগাঁয় পরকীয়ার সন্দেহ ও যৌতুকের অভিযোগে গৃহবধূর মৃত্যু, নৌবাহিনীর সদস্য স্বামী আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে কানিজ ফাতিমা (নাম) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীর পরকীয়ার প্রতিবাদ এবং যৌতুকের দাবিতে নির্যাতনের জেরে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় নৌবাহিনীতে কর্মরত স্বামী হাসানুজ্জামান আশিককে আটক করেছে পুলিশ।
আটকৃত হাসানুজ্জামান আশিক (২৯) উপজেলার বাসাচাড়া গ্রামের মৃত এবাদুল হকের ছেলে। তিনি চট্টগ্রামে নৌবাহিনীর একটি দপ্তরে সৈনিক পদে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর প্রেমের সম্পর্কের পর আশিকের সঙ্গে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পেয়ে কর্মস্থলে চলে যান। এ সময় মেয়ের সুখের কথা চিন্তা করে সৌদি আরবপ্রবাসী বাবা আবুল কালাম জামাতার চাকরিসহ সংসারের বিভিন্ন প্রয়োজন মেটাতে আর্থিক সহযোগিতা করেন। তবে অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কানিজকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো।
এদিকে স্বামী চট্টগ্রামে যাওয়ার পর তার আচরণে পরিবর্তন লক্ষ্য করেন কানিজ। একপর্যায়ে ফরিদপুরের এক নারীর সঙ্গে আশিকের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি জানতে পারেন তিনি। ওই নারীকে ধর্মবোন পরিচয় দেওয়া হলেও আশিকের মোবাইল ফোনে তার সঙ্গে অন্তরঙ্গ ছবি দেখতে পান বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামীর কাছে জানতে চাইলে কানিজকে নির্যাতনের শিকার হতে হতো বলে পরিবারের দাবি।
ঘটনার দিন সোমবার (১৬ নভেম্বর) ছুটি কাটাতে বাড়িতে আসা আশিকের সঙ্গে এ বিষয় নিয়ে কানিজের তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আশিক ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে কানিজের মৃত্যুর খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কানিজের মা বাদী হয়ে হাসানুজ্জামান আশিকসহ তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে আশিককে আটক করে পুলিশ।
এবিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক জানান, গৃহবধূর মায়ের করা মামলাটি যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ৩০৬ ও ৩৪ ধারায় রেকর্ড করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে হাসানুজ্জামান আশিককে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে নৌবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত অন্যদের আটকের চেষ্টা চলছে।
তবে গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।