লালমনিরহাট ও দিনাজপুরে এসআরবি-১৩-এর মাদকবিরোধী অভিযান, সিরাপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
লালমনিরহাট ও দিনাজপুরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল উইনসেরেক্স সিরাপ, ৯ বোতল এস্কাফ সিরাপ, ৩ বোতল অ্যাপোকোর্স সিরাপ ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এসআরবি-১৩-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী (কাচারীডাঙ্গা) গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩-এর সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে মো. কছিমুদ্দিনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘর থেকে ৯ বোতল এস্কাফ ও ৩ বোতল অ্যাপোকোর্স সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া তার ভাই মো. আবু হানিফের শয়নকক্ষ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মো. কছিমুদ্দিন (৩৯) এবং তার ভাই মো. আবু হানিফকে (৪৩) গ্রেপ্তার করা হয়। তারা ওই গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।
অন্যদিকে, ১৬ নভেম্বর বিকেল ৪টা ১০ মিনিটে দিনাজপুরের কোতোয়ালি থানাধীন দিনাজপুর সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি দল। এ সময় তুর্য্য সরকার (২৪) নামে এক যুবকের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৫০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তুর্য্য সরকার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দক্ষিণ বাসুপাড়া গ্রামের শংকর সরকারের ছেলে।
এসআরবি-১৩ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার তিনজনকে উদ্ধার করা মাদকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্রসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।