ঘিওরে মা ও শিশু পুষ্টি নিশ্চিত করতে ২৫৪ নারী পেলেন ৩০ কেজি করে চাল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং পুষ্টি নিশ্চিত করতে মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়নে ভিডাব্লিউবি (VWB) প্রকল্পের আওতায় ২৫৪ জন নারী উপকারভোগীর মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে । প্রত্যেককে দেওয়া হয়েছে ৩০ কেজি করে চাল ।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মেজবা উদ্দিন আহমেদ ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. নুরুল ইসলাম নুরু সহ ইউপি গ্রাম পুলিশ সদস্যরা ।

চাল বিতরণকালে প্রশাসনিক কর্মকর্তা মো. মেজবা উদ্দিন আহমেদ বলেন, দেশের টেকসই উন্নয়নে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি । গর্ভকালীন ও প্রসূতি সময়ে মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণ এবং শিশুর জীবনের প্রথম এক হাজার দিনের সঠিক পরিচর্যার গুরুত্ব তুলে ধরে উপকারভোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে । পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পুষ্টিহীনতা প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে ।

উল্লেখ্য, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) সরকারের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি । মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ দরিদ্র ও অসহায় নারীদের খাদ্যসহায়তা, পুষ্টি সচেতনতা এবং আয়বর্ধক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয় । আগে এ কর্মসূচি ভিজিডি (VGD) নামে পরিচিত ছিল । 

এ সময় ভিডাব্লিউবি প্রকল্পের কার্ডধারী নারী উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com