সুন্দরগঞ্জে ৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রেজাউল করিম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামদেব হিন্দুপাড়া এলাকায় বিধান কুমারের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই মোঃ জুলিয়াস রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রবিবার রাত ১১টা ১৫ মিনিটে মীরগঞ্জ বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রামদেব হিন্দুপাড়ায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
পরে রাত ১২টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন আনুমানিক ০.৯ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ২ হাজার ৭০০ টাকা।
গ্রেফতারকৃত রেজাউল করিম রামদেব (হাসানগঞ্জ রেল স্টেশন মসজিদের পাশে) গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা নং-২৫, তারিখ- ১৭/১১/২০২৬ খ্রি., ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।