মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মালিকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদামে মজুদ রাখা খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় চালের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মহাদেবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার শরিফপুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শরিফপুর মোড়ের দক্ষিণ পার্শ্বে অবস্থিত একটি চালকলের গুদামে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজি ওজনের ৭৩৪ বস্তা চাল মজুদ রাখা হয়েছিল। বস্তাগুলোতে মোট ২২ হাজার ২০ কেজি চাল পাওয়া যায়। এসব চাল ওই এলাকার বাইরে চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলনের বলে জানা গেছে।

অভিযান শেষে চালগুলো জব্দ করা হয়। একই সঙ্গে চালের মালিক মিলনের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদী হয়ে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন ইউএনও।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, চালের পরিমাণ বেশি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে বাদী হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com