পাঁচবিবিতে মাদক কারবারিদের দৌরাত্ম্য; বিজিবির অভিযানে ধস্তাধস্তির পর ৫৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য ও চোরাচালান রোধে কঠোর অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মো. মনিরুল ইসলাম (৩৪) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কড়িয়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিন রাস্তার মোড়ের দরগা নামক স্থানে অবস্থান নেয়। 

এ সময় মাদক পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বিজিবি সদস্যরা মনিরুলকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি সদস্যদের সাথে হালকা ধস্তাধস্তির পর তাকে আটক করতে সক্ষম হয় টহলদল। পরে তার সাথে থাকা ব্যাগ ও মোটরসাইকেল তল্লাশি করে ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক মো. মনিরুল ইসলাম পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের মো. মোফাজ্জেল হোসেনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই এলাকায় মাদক কারবারিদের অত্যাচার ও উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। মাদক ব্যবসার আধিপত্য বিস্তার ও পাচারকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই বিশৃঙ্খলা ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতো।

বিজিবি জানায়, সীমান্তে মাদকের আগ্রাসন ও কারবারিদের দৌরাত্ম্য বন্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com