পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি পৌর পার্কের সামনে আলতাফ আলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মার্কেটের সাইদার ইসলামের মালিকানাধীন 'দিশারী ফার্নিচার' নামের একটি দোকানে হঠাৎ আগুন লাগে। সাইদার ইসলাম পশ্চিম বালিঘাটা গ্রামের তছির উদ্দিনের ছেলে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের সৈয়দ মাসুদ আহমেদের মুদি দোকানে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই আগুনে দুটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে দিশারী ফার্নিচারের প্রায় কোটি টাকার এবং মুদি দোকানের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এদিকে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে ফোন করা হলেও শুরুতে কল রিসিভ না করায় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা ভয়াবহ হতো না।
জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, রাত ৯টার দিকে খবর পেয়েই পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।