চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হলো দুই জোড়া কমিউটার ট্রেন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
রেলপথে যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নতুন এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
নতুন চালু হওয়া ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে সাতটি করে কোচ থাকবে।
রেলওয়ে সূত্র জানায়, প্রতিটি ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ রয়েছে। শোভন শ্রেণির পাঁচটি কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন থাকবে। এ ছাড়া এসএলআর কোচে রয়েছে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি।
নতুন সময়সূচি অনুযায়ী, ২২২ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ২২১ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে সকাল ১০টা ১০ মিনিটে নাজিরহাট পৌঁছাবে।
অন্যদিকে, ২২৪ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। আর ২২৩ নম্বর ট্রেনটি চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নাজিরহাট পৌঁছাবে।
এদিকে, এ রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন ট্রেন চালুর ফলে যাত্রীসেবার পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে নতুন ট্রেন সার্ভিস চালুর পাশাপাশি রেলপথ সম্প্রসারণের দাবিও জানিয়েছেন স্থানীয় যাত্রীরা। তাঁদের দাবি, নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হোক। এতে বৃহত্তর ফটিকছড়ি ও পার্বত্য সীমান্ত এলাকার মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন তাঁরা।