মানিকগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পিএম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
নিয়োগের সময় নির্ধারিত অধিক্ষেত্র বহাল রাখাসহ পাঁচ দফা দাবিতে মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা ।
তাদের দাবি, অধিক্ষেত্র পরিবর্তন বা একই ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে পেশাগত অধিকার ও জীবিকা হুমকির মুখে পড়বে ।
সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় ।
জেলা শাখার সহসভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সহসভাপতি কাজী আবু দাউদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম, নালী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম ও বলড়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল আলিমসহ অন্যরা ।
বক্তারা বলেন, একটি ইউনিয়নে বিয়ে নিবন্ধনের মাধ্যমে অর্জিত আয় দিয়ে অনেক নিকাহ রেজিস্ট্রারের সংসার চালানোই কঠিন । এর মধ্যে একই ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে কাজের সুযোগ ও আয় আরও কমে যাবে । এতে তারা আর্থিক সংকটে পড়বেন এবং পেশাগত স্থিতিশীলতা হারাবেন ।
তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে নির্ধারিত অধিক্ষেত্রের ভিত্তিতে নিকাহ রেজিস্ট্রাররা দায়িত্ব পালন করে আসছেন । নিয়োগকালীন অধিক্ষেত্র পরিবর্তন করা হলে তাদের প্রতিষ্ঠিত কর্মপরিধি ও জীবিকা হুমকির মুখে পড়বে । বিশেষ করে বিয়ের সংখ্যা কম—এমন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা বেশি ক্ষতিগ্রস্ত হবেন ।
কর্মসূচি থেকে নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখা, পেশাগত অধিকার ও জীবিকার সুরক্ষাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয় । দাবি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা তাদের পেশাগত ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন বক্তারা ।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন নিকাহ রেজিস্ট্রাররা ।