চাকা ফেটে নিয়ন্ত্রণ হারাল বাস, ভ্যান-ট্রাকে ধাক্কা; আহত ৮

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

সকালের ব্যস্ত মহাসড়কে হঠাৎ বাসের সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয় । পরে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে আছড়ে পড়ে । এতে বাস ও ভ্যানের যাত্রীসহ অন্তত আটজন আহত হয়েছেন ।

সোমবার (১৬ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩০৩১) আকিজ টেক্সটাইলের সামনে পৌঁছালে হঠাৎ এর সামনের চাকা ফেটে যায় । এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয় । পরে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গিয়ে আঘাত করে ।

দুর্ঘটনায় বাস ও ভ্যানের যাত্রীসহ আটজন আহত হন । তাঁদের মধ্যে তিনজন গুরুতর আহত হওয়ায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে । বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন । এ ঘটনায় ভ্যানচালকসহ সাতজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে ।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে । তবে ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন ।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । ক্ষতিগ্রস্ত ভ্যানচালক বা যাত্রীদের পক্ষ থেকে লিখিত আবেদন পাওয়া গেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com