চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৯৪৯ জন গ্রেপ্তার, নিষিদ্ধ সংগঠনের ৮৭ সদস্য
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৯৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৭ জন সদস্য রয়েছেন। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে আরও ৩৭৩ জনকে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ১৯ জন, কক্সবাজারে পাঁচজন, কুমিল্লায় ৩০ জন, ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, চাঁদপুরে চারজন, নোয়াখালীতে পাঁচজন, ফেনীতে একজন, লক্ষ্মীপুরে দুজন, রাঙামাটিতে একজন, খাগড়াছড়িতে ১৩ জন এবং বান্দরবানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১২৫ জন, পূর্ববর্তী মামলায় ১৫০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৬ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১৩৫ জন ও সাজা পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসংক্রান্ত অপরাধে ৬৫ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অভিযানে আরও ১১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৮ হাজার ৬০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে। অভিযানে ৩ হাজার ৯৪৭টি ইয়াবা বড়ি, ১৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ১১৫ লিটার দেশীয় চোলাই মদ এবং তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১১ জেলায় মোট ৩৭৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ১৭৯ জন, চট্টগ্রামে ৫৭ জন, লক্ষ্মীপুরে ৩৪ জন, খাগড়াছড়িতে ২৫ জন, চাঁদপুরে ২৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন, কক্সবাজারে ১৬ জন, নোয়াখালীতে ১৩ জন, ফেনীতে আটজন, রাঙামাটিতে আটজন এবং বান্দরবানে আটজন রয়েছেন।