জলঢাকায় চাঞ্চল্যকর গণ/ধ/র্ষ/ণ মামলা: প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় প্রধান আসামি মোঃ স্বাধীন আলম সাগর (৩৮) ও ৪ নম্বর আসামি মোঃ সম্রাটকে (৪২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। সোমবার (১৬ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত স্বাধীন আলম সাগর জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা গ্রামের মোঃ আহাদ আলীর ছেলে এবং সম্রাট একই গ্রামের মোঃ আব্দুলের ছেলে।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগীর সঙ্গে মোবাইল ফোনে তার স্বামীর বন্ধু পরিচয়ে সম্পর্ক গড়ে তোলেন প্রধান আসামি স্বাধীন আলম সাগর। পরে গত ৩০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে আসামিরা কৌশলে ভুক্তভোগীকে জলঢাকা উপজেলার ৮ নম্বর খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা ৬ নম্বর ওয়ার্ডের নদীরপাড় নামক নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তারা পালাক্রমে ভুক্তভোগীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে পরদিন রাত ৩টা ৩০ মিনিটের দিকে তাকে জলঢাকা হাসপাতালের সামনে রেখে আসামিরা পালিয়ে যান। পরে সুস্থ হয়ে ভুক্তভোগী অভিযুক্তদের বিরুদ্ধে জলঢাকা থানায় গণধর্ষণের মামলা দায়ের করেন। মামলার নম্বর ০৪।
মামলাটি দায়েরের পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর সিপিসি-২, নীলফামারীর একটি অভিযানিক দল ১৬ নভেম্বর রাত ৩টা ৫০ মিনিটে ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রামের টুটুল মজিবরের বাড়িতে অভিযান চালায়। পরে ভোর ৫টার দিকে জলঢাকা উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপর আসামি সম্রাটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।