ঘিওরে ড্রেন উপচে সড়কে ছড়িয়ে পড়ছে মলমূত্র, নোংরা পানির তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ড্রেন উপচে সড়কে ছড়িয়ে পড়ছে মলমূত্র, নোংরা পানি ও আবর্জনা । তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী, যাত্রী, চালক ও ব্যবসায়ীরা । নোংরা পানিতে সড়কের একাংশ ডুবে থাকায় সংকুচিত হয়ে পড়েছে যান চলাচলের পথ । সৃষ্টি হচ্ছে যানজট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য । একই সঙ্গে ডেঙ্গু ও চর্মরোগের আশঙ্কায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা ।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং আশপাশের বাসাবাড়ির টয়লেট ও গোসলখানার পাইপ ড্রেনের সঙ্গে সংযুক্ত করায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে । দীর্ঘদিন পরিষ্কার না করায় ড্রেনে বালু ও ময়লা আবর্জনা জমে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন । বিশেষ করে থানা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ড্রেনটি নির্মাণের পর দীর্ঘ সময়েও পরিষ্কার করা হয়নি । ফলে ড্রেনের পানি নদীর সংযোগস্থলের মুখে না গিয়ে ড্রেন উপচে বাজারের সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

ড্রেনের পাশ দিয়ে চলাচলের সময় নাক চেপে ধরতে চলতে হচ্ছে পথচারীদের । অনেকে বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছেন । সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, পায়ে হেঁটে চলাচলকারী মানুষ এবং হাটবাজারের ক্রেতা-বিক্রেতারা । সড়কের একাংশ নোংরা পানিতে ডুবে থাকায় যানবাহন চলাচলের জায়গা কমে গেছে । এতে প্রধান সড়কে সৃষ্টি হচ্ছে যানজট । যাত্রীদেরও গাড়িতে ওঠানামায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

ড্রেনের নোংরা পানি জমে মসজিদে যাওয়ার পথও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়েই মুসল্লিদের মসজিদে যেতে হচ্ছে । অন্যদিকে ওষুধ, মুদি, ফলমূল ও কাঁচাবাজারের দোকানগুলোতে কমেছে বেচাকেনা । জীবিকার তাগিদে দুর্গন্ধের মধ্যেই দোকান চালিয়ে যাচ্ছেন অনেক ব্যবসায়ী ।

অভিভাবক সাইফুল ইসলাম সোহাগ ও খন্দকার বনি ইসলাম সহ স্থানীয় কয়েকজন জানান, তাঁদের ছেলেমেয়েরা প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল-কলেজে যাতায়াত করে । নোংরা পানি ও দুর্গন্ধের কারণে সন্তানদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে তাঁরা উদ্বিগ্ন । অনেকের চর্মরোগ ও অ্যালার্জির সমস্যাও দেখা দিয়েছে বলে অভিযোগ তাঁদের ।

ওষুধ ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম ও মো. কাজল মিয়া সহ অন্যান্যরা বলেন, উপজেলা সদর হাট ইজারা দেওয়া হলেও বাজার উন্নয়নে কোনো কাজ হচ্ছে না । সময়মতো ড্রেন পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে ।

সাইকেল মেরামতকারী মো. মিজান মিয়া বলেন, আশপাশের বাসাবাড়ির ময়লা পানি এসে রাস্তায় জমেছে । নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে দোকানে কাজ করতেও অসুবিধা হচ্ছে। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি । দ্রুত ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনব্যবস্থা সচল এবং বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান চান তাঁরা ।

এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম বলেন, এ বিষয়ে অনেকেই তার কাছে অভিযোগ করেছেন । তিনি নিজেও সমস্যাটির সত্যতা পেয়েছেন । ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com