জয়পুরহাটে আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় আইডিইবি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানার সামনে অবস্থিত আইডিইবি’র অস্থায়ী কার্যালয়ে গিয়ে র্যালিটি শেষ হয়। এর আগে সকাল ১০টায় র্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়।
আইডিইবি জয়পুরহাট জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. মেহেদী খান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যালিটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালিটির উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন এবং কারিগরি অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীরা সম্মুখসারির কারিগর হিসেবে কাজ করছেন। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন তারা।
বর্ণাঢ্য এই আয়োজনে আইডিইবি জয়পুরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী এবং স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।