জয়পুরহাটে ৩ কাজী নিয়োগের উদ্যোগ বাতিলের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের সরকারি উদ্যোগ বাতিলের দাবিতে জয়পুরহাটে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। একই সঙ্গে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও পেশাগত অধিকার বহাল রাখা, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি এবং শূন্য পদগুলোতে যোগ্য আলেম-ওলামাদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

সোমবার ১৬ নভেম্বর সকাল ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রতিটি এলাকায় একজন করে নিকাহ রেজিস্ট্রার বহাল রাখা উচিত। বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা ও পেশাগত অধিকারকে চরম সংকটে ফেলবে।

বক্তারা আরও জানান, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। প্রতিটি বিবাহ নিবন্ধনের বিপরীতে প্রাপ্ত ফি থেকে সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিতে হয়। সীমিত এই আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবারের ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাদের আয় আরও কমে যাবে।

এছাড়া নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করার দাবি জানান তারা। শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিলেরও আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে জয়পুরহাট জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহসভাপতি নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com