জয়পুরহাটে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের (অক্টোবর-২০২৬) প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার ১৬ নভেম্বর সকাল ৮টা থেকে জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম শুরু হয়।
প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়। জেলা পুলিশের নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার শাহনাজ বেগমের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কার্যক্রম শেষে পুলিশ সুপার শাহনাজ বেগম প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান।
একই সঙ্গে পরবর্তী ধাপের পরীক্ষার জন্য মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল ৭টার মধ্যে জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হওয়ার নির্দেশনা দেন।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, "কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। শারীরিক পরীক্ষাসহ পরবর্তী সব ধাপে যারা নিজ যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখবেন, কেবল তারাই চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন।"
এ সময় তিনি প্রার্থী ও তাঁদের অভিভাবকদের কোনো ধরনের প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার আহ্বান জানান এবং নিজ যোগ্যতায় চাকরি পাওয়ার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন।