চট্টগ্রামে নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে সিডিএর অভিযান, সিলগালা ১০ স্থাপনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরীতে অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনা গড়ে তোলার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ সময় নকশাবহির্ভূত নির্মাণের দায়ে চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়েছে। পাশাপাশি তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নগরীর পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেটসংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন সংস্থাটির অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।

সিডিএ সূত্র জানায়, অভিযানে চারটি এলাকার মোট ১০টি ভবন ও স্থাপনা সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত অংশ নির্মাণের প্রমাণ পাওয়া যায়। পরে বিধি লঙ্ঘনের দায়ে চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করা হয়।

এ ছাড়া তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নির্মাণকাজ বন্ধের ব্যবস্থা নেওয়া হয়। পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়। অবশিষ্ট অবৈধ অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের শর্তে সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।

সিডিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা এবং ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ প্রতিরোধে সংস্থার নজরদারি অব্যাহত রয়েছে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নগরবাসীর জন্য নিরাপদ আবাসন ও পরিকল্পিত নগরব্যবস্থা নিশ্চিত করতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে সিডিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com