ঘিওরের বড়টিয়াতে জলাশয়ে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ৪৫ বছর বয়সী লেবুর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে লেবু শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বড়টিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া শ্রীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লেবু শিকদার ওই এলাকার সোনাই শিকদারের ছেলে ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, লেবুকে পানিতে ডুবে যেতে দেখে স্থানীয় এক নারী তাঁর বাড়িতে খবর দেন । পরে পরিবারের সদস্যরা জলাশয় থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন । এরপর পুলিশকে খবর দেওয়া হয় ।

পরিবারের সদস্যরা জানান, লেবু শিকদার শারীরিকভাবে অসুস্থ ছিলেন । দুই দিন আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । বাড়িতে ফিরে সোমবার দুপুরে পাশের জলাশয়ে হাত দিয়ে মাছ ধরতে যান । এ সময় হঠাৎ পানিতে তলিয়ে তাঁর মৃত্যু হয় ।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় স্ট্রোক করে তিনি পানিতে ডুবে মারা গেছেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com