লালমনিরহাটে ভোররাতে সার পাচারের চেষ্টা, ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে অবৈধভাবে সার পাচারের সময় তিনটি ইজিবাইক থেকে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরশাদ আলী নামে এক কীটনাশক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন থেকে মহেন্দ্রনগর বাজারে যাওয়ার পথে সারবোঝাই তিনটি ইজিবাইক আটক করেন স্থানীয়রা। পরে চালকদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা।
সাজাপ্রাপ্ত এরশাদ আলী সদর উপজেলার হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস বলেন, তিনটি ইজিবাইক থেকে মোট ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তী সময়ে এসব সার হারাটি ইউনিয়নের কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ করা হবে। সার পাচারের সঙ্গে জড়িত থাকায় এক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।