চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ভবনে গুলি, ভূমি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরীতে চাঁদার দাবিতে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলিবর্ষণের পর বাড়ির মালিককে ফোন করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষের জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে বাড়ির মালিক জাফরকে ফোন করে হুমকি দিয়ে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।’

বাড়ির মালিক জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত মোহাম্মদ রায়হান তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা না দেওয়ায় তার বাড়িতে গুলি চালানো হয়েছে।

জাফর সাংবাদিকদের জানান, প্রায় ১০ মাস আগে রায়হান তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সে সময় তিনি ভারত থেকে স্ত্রীকে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন এবং আর্থিক সংকটে রয়েছেন বলে জানান। এরপর কিছুদিন রায়হান তার সঙ্গে যোগাযোগ করেননি।

তবে গত বুধবার আবারও ফোন করে চাঁদা দাবি করা হয়। এর কয়েক দিন পর রোববার রাতে তার ভবনের দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যে কক্ষে গুলি করা হয়েছে, সেখানে ওই সময় কেউ ছিলেন না। গুলির ঘটনার পর আবারও ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন জাফর।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ভবনটির মালিক জাফর ভূমি কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত। তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানা গেছে। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে গুলি ছোড়ে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগে নগরীর বায়েজিদসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও ভবন মালিকদের কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত রায়হান ও ডেভিড ইমনের নাম উঠে এসেছে। ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান চাঁদাবাজির কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, বিভিন্ন সময়ে নিজের ফেসবুক পোস্টে রায়হান দাবি করেছেন, তার নাম ব্যবহার করে একটি চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

নগরীতে চাঁদার দাবিতে গুলিবর্ষণ ও প্রাণনাশের হুমকির মতো ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ব্যবসায়ী ও ভবনমালিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com