মীরসরাইয়ে ৮০টি টিয়াপাখিসহ দুই পাচারকারী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মীরসরাইয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৮০টি টিয়াপাখিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশের দাবি, পাখিগুলো চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে আনা হয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।

সোমবার (১৬ নভেম্বর) জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সরকারি শুল্ক ও বিধিনিষেধ ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে টিয়াপাখিগুলো দেশে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৮০টি টিয়াপাখিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com