কালীগঞ্জ বারোবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

গতরাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 

বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভিতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। 

তিনি আরো জানান, হামলার সময় অফিস রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশাপাশি দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com