চট্টগ্রামে পাওনা টাকার বিরোধে পিতাকে হত্যা, ছেলে গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. রামিমকে (২১) গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
গ্রেপ্তার রামিম কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা নিহত রহিম উল্লাহ (৬৫)।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, রহিম উল্লাহ পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে তিনি ভ্যানগাড়িতে কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল বিক্রি করতেন। তার ছেলে রামিমও বাবার কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করত। তবে বিক্রির টাকা ঠিকমতো বাবাকে না দিয়ে অপ্রয়োজনীয় খরচ করত সে। এ নিয়ে বাবা কয়েকবার ছেলেকে সতর্ক করলে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।
ঘটনার দিন গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিম তার বাবাকে মারধর করে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে এ সময় রামিম বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়।
এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে বিজয়নগর এলাকায় রাস্তায় আবারও বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে রামিম তার বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে রহিম উল্লাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।
এসআরবি-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে রামিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।