বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার, আটক ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন ও পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।

রবিবার ১৬ নভেম্বর জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি বিজিবি দল এবং ঘোড়াঘাট থানা পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্ত এলাকার ছত্রা বাজারের পাশের একটি টিনের ঘরে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে ঘরটি থেকে ৯০ কেজি ওজনের একটি বেলে পাথরের শিলাখণ্ড, ২০ কেজি ওজনের কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ২০ কেজি ওজনের শিবলিঙ্গের খণ্ডাংশসহ মোট ১৩০ কেজি ওজনের প্রাচীন প্রত্নতাত্ত্বিক পাথর উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করে যৌথ বাহিনী। আটককৃত মোমিন ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, আটককৃত আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল) শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধারকৃত মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ঐতিহাসিক গুরুত্ব ও মান যাচাইয়ের জন্য পাহাড়পুর প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com