বালুর মাঠে অভিযান, অনুমোদিত নকশা দেখাতে না পারায় ইমারত নির্মাণ আইনে ব্যবস্থা

চট্টগ্রামের আগ্রাবাদে সিডিএর উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দোকান-গ্যারেজ ও ফুটবল টার্ফ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বালুর মাঠে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে একটি সুপারশপ, গাড়ির গ্যারেজ ও ফুটবল খেলার টার্ফ উচ্ছেদ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চৌধুরী সুপার শপ, রয়েল অটো কার নামের একটি গ্যারেজ এবং একটি ফুটবল টার্ফ।

সিডিএর অথরাইজড অফিসার তানজীব হোসেন জানান, সংশ্লিষ্ট জায়গায় ফ্ল্যাট নির্মাণের জন্য সিডিএর অনুমোদন নেওয়া হয়েছিল। তবে সেখানে বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তোলা এবং বরাদ্দের শর্ত লঙ্ঘনের অভিযোগ পাওয়ায় অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, সিডিএ নির্দিষ্ট কিছু শর্তে প্লটগুলো বরাদ্দ দিয়েছিল। কিন্তু বরাদ্দের শর্ত অমান্য করে জায়গা ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের নোটিশ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানজীব হোসেন আরও জানান, অবৈধ দখলদারদের আগে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সিডিএ অনুমোদিত কোনো নকশা দেখাতে পারেননি। এ কারণে ইমারত নির্মাণ আইনের আওতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

কোন প্লট কাকে এবং কী উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য সিডিএর ভূমি ও প্রকৌশল শাখা থেকে জানা যাবে বলেও জানান তিনি।

এদিকে সিডিএর জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ আবুল হাসনাত বলেন, বরাদ্দ পাওয়া প্লটের নির্ধারিত শর্ত ভঙ্গ করে স্থাপনা নির্মাণ ও ব্যবহার করা হচ্ছিল। এ কারণে উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

উচ্ছেদের পর উন্মুক্ত করা জায়গাটি কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com