পাবনায় ভুয়া চিকিৎসার দায়ে দুজনের কারাদণ্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

পাবনা প্রতিনিধিঃ

পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে দুইজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আরও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। জেলা এনএসআই, পাবনার গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে ওই চক্রের চার সদস্য পাবনার বেড়া উপজেলার লাইসেন্সবিহীন ‘বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার’-এর পক্ষে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই মাদ্রাসা ও এতিমখানা এলাকায় চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছিলেন।

পরে অভিযান চালিয়ে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া এলাকার প্রতিষ্ঠানটির মালিক রাকিবুল ইসলাম ও ভুয়া চিকিৎসক মো. আকবর আলীকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সিরিয়াল লেখক রুমা ও ক্যাম্পেইন প্রচারক রবিউলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com