জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ছট পূজা উদযাপন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সূর্য পূজা বা ছট পূজা উদযাপিত হয়েছে।
রোববার ১৫ নভেম্বর বিকেলে জয়পুরহাট সুগার মিলের পুকুরপাড়ে এই পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে দিনভর কঠোর উপবাস ও ব্রত পালন করেন ভক্তরা।
বিকেলে ফুল, ফলমূল, হাতে তৈরি বিশেষ প্রসাদ, প্রদীপ ও বাদ্যযন্ত্রসহ পূজার নানা উপকরণ ডালা ও কুলায় সাজিয়ে পুকুরপাড়ে সমবেত হন সনাতন ধর্মাবলম্বীরা। সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে ভক্তরা পুকুরের কোমরপানিতে নেমে অস্তগামী সূর্যের দিকে মুখ করে দাঁড়ান এবং প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবের আরাধনা ও অর্ঘ্য নিবেদন করেন।
এ সময় শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তদের পদচারণায় পুকুরপাড় এক মিলনমেলা ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
পূজায় অংশগ্রহণকারীরা সূর্যদেবের সন্তুষ্টি লাভের পাশাপাশি পরিবার, দেশ, জাতি ও এলাকার সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।
ছট পূজার প্রচলিত রীতি অনুযায়ী, সোমবার ১৬ নভেম্বর ভোরে ব্রত পালনকারীরা পুনরায় একই পুকুরপাড়ে সমবেত হয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন। সূর্যোদয়ের পর প্রণাম ও পূজার আনুষ্ঠানিকতা শেষে পবিত্র স্নান এবং শরবত পানের মধ্য দিয়ে তাদের এই ব্রতের সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবের আরাধনায় ছট পূজা অনুষ্ঠিত হয়।
মূলত পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় ভক্তরা এই নির্জলা উপবাস ও ব্রত পালন করে থাকেন।