জমি বিরোধে ছোট ভাইকে শিকল পরিয়ে আটকে রাখার অভিযোগ, দুই বড় ভাই আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের কালাইয়ে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের পায়ে শিকল পরিয়ে ঘরে আটকে রাখার অভিযোগে দুই বড় ভাইকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পুনট উচ্চ বিদ্যালয় এলাকা থেকে শিকলবন্দি অবস্থায় ভুক্তভোগী খোরশেদ আলমকে (৩১) উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন পুনট পূর্বপাড়ার আব্দুল গনির ছেলে আব্দুল মুমিন ও মাহফুজ আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার সম্পত্তি নিয়ে তিন ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। খোরশেদ আলম তার ভাগের জমি বিক্রি করতে চাইলে বড় দুই ভাই বাধা দেন। এর জেরে শনিবার সকালে খোরশেদ ঘরের টিন খুলতে গেলে ভাইদের মধ্যে বিবাদ বাধে। একপর্যায়ে বড় দুই ভাই খোরশেদের পায়ে শিকল পরিয়ে ঘরে আটকে রাখেন। খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই ভাইকে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগী খোরশেদ আলমের অভিযোগ, একটি সংগঠনের সাথে যুক্ত থাকায় ভাইয়েরা তাকে জমি বিক্রি করতে দেন না এবং নির্যাতন করেন। শনিবার থেকে তাকে না খাইয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তবে অভিযুক্ত বড় ভাই আব্দুল মুমিন দাবি করেন, তারা ছোট ভাইয়ের ভালোর জন্যই এমনটা করেছিলেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, কাউকে বেআইনিভাবে শিকল দিয়ে আটকে রাখা দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগী চাইলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।