চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ১১৪৫, কিশোর গ্যাংয়ের ৪৯৮ সদস্য আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় একদিনে ১ হাজার ১৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৪৯৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযান শেষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অপরাধবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৯৭ জন, আগের মামলার আসামি ১৩০ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫৬ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৮ জন, বিভিন্ন গ্রেপ্তারি পরোয়ানায় ১৩২ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসংক্রান্ত অপরাধে ৭৩ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিশেষ অভিযানে আরও ১২৭ জনকে আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১১ হাজার ৮১০ টাকা।
অভিযানে ১ হাজার ৫৯৬টি ইয়াবা বড়ি, ২৯ লিটার চোলাই মদ, ৭ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ৫০ বোতল বিদেশি মদ, পাঁচটি ট্যাপেন্টাডল বড়ি, ২৫ বোতল স্কফ সিরাপ, ১২ বোতল বিয়ার এবং এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।
নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তারে শীর্ষে কুমিল্লা
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৯৬ জনের মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লা জেলায় ৪৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৯, খাগড়াছড়িতে ৯, নোয়াখালীতে ৬, চাঁদপুর ও লক্ষ্মীপুরে ৪ জন করে, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন এবং কক্সবাজার, ফেনী ও বান্দরবানে ২ জন করে গ্রেপ্তার হয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৯৮ জন
অন্যদিকে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে ৪৯৮ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৩২৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যায় শীর্ষে রয়েছে কুমিল্লা। জেলাটিতে ২১৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৬৭, লক্ষ্মীপুরে ৪৩, ফেনীতে ৩৭, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬, চাঁদপুরে ২৫, খাগড়াছড়িতে ২২, নোয়াখালীতে ২০, কক্সবাজারে ১৪ এবং রাঙামাটি ও বান্দরবানে ১৩ জন করে আটক হয়েছেন।
পুলিশের এই বিশেষ অভিযানে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে বিভিন্ন ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।