ঘিওরে ওকাপ (OKUP) নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হলেন শাহিদা বেগম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) অভিবাসী ফোরাম নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে শাহিদা বেগম ছাতা প্রতীকে সর্বোচ্চ ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । সভাপতি পদে মো. সালমান হোসেন আনারস প্রতীকে ৫১ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে মো. শামসুল হোসেন গোলাপ ফুল প্রতীকে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
শনিবার (১৪ নভেম্বর) ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় আশরাফ খানের বাড়ির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয় । সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে । বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয় ।
ঘিওর সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৬৬ জন অভিবাসী সদস্য ভোটার এ নির্বাচনে ভোট দেন । তাঁদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ৩০ জন নারী ভোটার । ফোরামের আটটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ জন প্রার্থী ।
নির্বাচনে সভাপতি পদে সালমান হোসেনের প্রতিদ্বন্দ্বী আখি আক্তার বই প্রতীকে এবং মনোয়ারা বেগম রাজহাঁস প্রতীকে চারটি করে ভোট পান । সাধারণ সম্পাদক পদে মো. রাজু মিয়া টিয়াপাখি প্রতীকে পান ১৩ ভোট ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিলন কুমার শীল কলস প্রতীকে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন । তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আক্কাছ আলী তালগাছ প্রতীকে পান ২৮ ভোট । কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান মোরগ প্রতীকে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন । তাঁর প্রতিদ্বন্দ্বী আয়ুব আলী টিউবওয়েল প্রতীকে পান ১৫ ভোট । প্রচার সম্পাদক পদে শামসুন্নাহার সাইকেল প্রতীকে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন । তাঁর প্রতিদ্বন্দ্বী মো. নবু খান হরিণ প্রতীকে পান ২২ ভোট । সাংগঠনিক সম্পাদক পদে শাহিদা বেগমের প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম মোমবাতি প্রতীকে পান দুই ভোট । বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে মো. হাবিবুর রহমান খান এবং দপ্তর সম্পাদক পদে আবু সাইদ নির্বাচিত হন ।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত ওকাপের প্রধান কার্যালয়ের প্রজেক্ট ম্যানেজার সঞ্জিদ কুমার নাথ । এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার আমেনা আক্তার ও কমিউনিকেশন অফিসার সোহেল সাদ । নির্বাচনী পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন হরিরামপুর উপজেলা ওকাপের সিএম তাহমিনা আক্তার । নির্বাচন তত্ত্বাবধান করেন ওকাপের প্রজেক্ট অফিসার মো. মোফকারম হোসেন ।
উল্লেখ্য, ওকাপ (OKUP)-এর পূর্ণ রূপ হলো অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম । ইংরেজিতে এর পূর্ণ রূপ Ovibashi Karmi Unnayan Program. এটি বাংলাদেশের অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কাজ করা একটি তৃণমূলভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO) । সংস্থাটি ২০০৪ সালে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের উদ্যোগে গঠিত হয় এবং ২০০৮ সালে এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন লাভ করে । প্রধান লক্ষ্য. নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের আইনি ও স্বাস্থ্য সহায়তা প্রদান করা এই সংস্থার মূল কাজ । বিদেশ ফেরত অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনের জন্য সংস্থাটি দক্ষতা উন্নয়ন ও সচেতনতামূলক বিভিন্ন প্রকল্প পরিচালনা করে থাকে সংস্থাটি ।